কক্সবাজারে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২
কক্সবাজারের মহেশখালীতে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই জেলে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের পশ্চিম অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জেলেরা হলেন—মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া এলাকার মৃত মোক্তল হোসেনের ছেলে ফয়েজ আহমদ এবং মেহেরিয়াপাড়া এলাকার সোহাগ মিয়ার ছেলে সাইফুল ইসলাম।
মহেশখালী থানার ওসি আবদুস সালাম বলেন, মঙ্গলবার রাতে খন্দকারপাড়ার বাসিন্দা ফরিদ আলমের মালিকানাধীন 'এফবি তাসিন' ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। পরবর্তীতে নজিরারটেক উপকূলীয় এলাকায় পৌঁছালে ট্রলারটি তীব্র ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। এতে কিছু জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ হন।
কক্সবাজার জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার পর স্থানীয় জেলেরা দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে সাগরের পানি থেকে ফয়েজ ও সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়।
নজিরারটেকের স্থানীয় ব্যবসায়ী দিদারুল ইসলাম রুবেল বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর আশপাশের জেলেরা নৌকা নিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন। কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নুরুল আলম ও মুহিব উল্লাহর সন্ধান এখনও পাওয়া যায়নি।
মতামত দিন