ফরিদপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ চালক নিহত
ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই আরোহী আহত হয়েছেন।
বুধবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভাঙ্গা উপজেলার গঙ্গাদরদী এলাকার কাঞ্চন মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২৫) এবং বরিশাল সদর উপজেলার রূপাতলী হাউজিং এলাকার জিয়ানগর মহল্লার জাহাঙ্গীর শরীফের ছেলে আল ইমরান শরীফ (২৮)।
ভাঙ্গা হাইওয়ে থানা–পুলিশ জানায়, আল ইমরান ঈদের ছুটিতে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিলেন। পথে পূর্ব সদরদী এলাকায় বিপরীত দিক থেকে আসা সাইফুল মোল্লার মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই চালক নিহত হন।
এ ঘটনায় আহত হয়েছেন রেজাউল ইসলাম হাওলাদার ও মো. বাসার মোল্লা। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছিল। পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি থানায় জব্দ করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে