২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৫১ জন, চট্টগ্রামে ৮২ জন, ঢাকার সিটি কর্পোরেশনের বাইরে ৯৫ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৮ জন, খুলনার সিটি কর্পোরেশনের বাইরে ৪৩ জন, ময়মনসিংহে ৪৫ জন, রাজশাহীতে ৩০ জন, রংপুরে ৩ জন এবং সিলেটে ১ জন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৭৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৯৩ হাজার ১৯৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৯৫ হাজার ৫৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন ৩৮৬ জন।
প্রসঙ্গত, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। তার আগের বছর ২০২৩ সালে এ রোগে মোট মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে