চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) দুপুরে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বহালাবাড়ী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার সাবেক লাভাঙ্গা গ্রামের কামালের ছেলে সাফি (১৪) ও জামাল উদ্দিনের ছেলে জুনাঈদ (১৫)। তারা সম্পর্কে চাচাত ভাই।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে দুই ভাই পদ্মা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। এসময় একজনকে ঘটনাস্থল থেকেই নদী থেকে উদ্ধার করা হলেও তিনি মারা যান। অপরজনের মরদেহ প্রায় দেড় ঘণ্টা পর নদী থেকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, পদ্মা নদীতে ডুবে দু’জনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে