Views Bangladesh Logo

পটুয়াখালীতে চুরির অভিযোগে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কলাগাছিয়া চরে চুরির অভিযোগ তুলে দুই শিশুকে গাছে বেঁধে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৫ মে) দুপুরে কলাগাছিয়া চরের একটি দোকানের পাশে এ ঘটনা ঘটে। অভিযোগ করা হয়, দোকানে চুরির সন্দেহে দুই ভাই—৫ বছরের জিহাদ ও ৭ বছরের শামিমকে আটক করে মারধর করা হয় এবং পরে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নির্যাতনের সময় ছোট ভাই জিহাদ কান্নায় ভেঙে পড়ে। বড় ভাই শামিমের মাথার একাংশের চুল কেটে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়।

শিশুদের মা লাইলি বেগম বলেন, আমি গিয়ে দেখি ওদের গাছে বাঁধা। আমাকে দেখে ওরা কান্না করতে থাকে। পরে অভিযুক্ত ব্যক্তি বলে—চুরি করেছে, তাই শাস্তি দেওয়া হয়েছে।

শিশুদের বাবা স্বপন দালাল জানান, চুরির অভিযোগে দুই শিশুকে মারধর করা হয়েছে এবং প্রতিবাদ করতে গেলে তাদের হুমকি দেওয়া হয়।

অভিযুক্ত হিসেবে স্থানীয়ভাবে যার নাম উঠে এসেছে, তিনি হলেন দোকানের কর্মচারী আল-আমিন। তবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য দেননি।

অন্যদিকে দোকান মালিক তোফায়েল দাবি করেন, ‘আল-আমিন মারধর করেনি, চুল কাটার ঘটনাও সঠিক নয়। তবে এর আগে ওই শিশুরা দোকান থেকে চুরির ঘটনায় জড়িত ছিল বলে স্থানীয়ভাবে সমাধান করা হয়েছিল।

এ ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) ইলিয়াছ হোসেন মুন্সি জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শিশুদের গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলছেন, এমন অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ