Views Bangladesh Logo

একসঙ্গে জন্ম হয়েছিল, দুই দিনের ব্যবধানে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু

কক্সবাজারে সাত মাস বয়সী যমজ দুই বোন রৌশনি ও রাবেয়ার করুণ মৃত্যুতে শোকের আবহ নেমে এসেছে পরিবার ও এলাকায়। হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মাত্র দুই দিনের ব্যবধানে মারা যায় এই দুই শিশু।

জানা যায়, কক্সবাজারের রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের দক্ষিণ মিঠাছড়ি গ্রামের কৃষক আজিজুল হকের ঘরে গত বছরের ৪ সেপ্টেম্বর জন্ম নেয় যমজ দুই মেয়ে। জন্মের পর পরিবারজুড়ে ছিল আনন্দের বন্যা। কিন্তু ঈদের কয়েক দিন আগে হঠাৎ সর্দি-জ্বরে আক্রান্ত হয় তারা।

প্রথমে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে গত ২২ মার্চ তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর দুই শিশুর শরীরে হামের লক্ষণ ধরা পড়ে। হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যায় রৌশনি। এরপর দুই দিন পর শনিবার সকালে মৃত্যু হয় রাবেয়ার।

দুই মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা মরিয়ম বেগম ও বাবা আজিজুল হক। কান্নাজড়িত কণ্ঠে মা বলেন, ‘জ্বর আমার দুই মেয়েকে কেড়ে নিল।’ বাবা আজিজুল হকের আক্ষেপ, ‘একসঙ্গে পৃথিবীতে এসেছিল ওরা, আবার দুই দিনের ব্যবধানে আমাদের ছেড়ে চলে গেল।’

তিনি জানান, সন্তানদের বাঁচাতে বিভিন্ন হাসপাতালে ছুটেছেন, এমনকি চট্টগ্রামে নেওয়ারও চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর রক্ষা করা যায়নি।

কক্সবাজার সদর হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের চিকিৎসক শহিদুল আলম জানান, যমজ দুই শিশুসহ এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে নিউমোনিয়া ও ডায়রিয়ার জটিলতাও ছিল।

এদিকে এলাকায় হামের প্রাদুর্ভাব বাড়ায় মহেশখালী ও রামু উপজেলায় জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। দুর্গম দ্বীপ ও পাহাড়ি এলাকায় বিশেষভাবে নজর দেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ