লক্ষ্মীপুরে ওজনে কম দেওয়ার প্রতিবাদ করায় ক্রেতাকে মারধর, দুই কসাই কারাগারে
লক্ষ্মীপুর জেলার কমলনগরে গরুর মাংস কম ওজনে দেওয়ার প্রতিবাদ করায় এক ক্রেতাকে মারধরের ঘটনায় দুই কসাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি সহকারী কৌঁসুলি আমজাদ হোসাইন।
আসামিরা হলেন- তোরাবগঞ্জ বাজারের মাংস ব্যবসায়ী বাহার ও তার ছেলে সাহেদ।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নুরুল ইসলাম ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য গত ২৬ মার্চ মাংস কিনতে গেলে ওজনে কম ও অতিরিক্ত চর্বি দেওয়ার অভিযোগ করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাহার, তার ছেলে ও দোকানের কর্মচারীরা তাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার তিনদিন পর তার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
অভিযুক্ত বাহার কসাই দাবি করেছেন, এটি ‘সামান্য হাতাহাতি’ ছিল এবং মাংস বিক্রির সময় কিছু চর্বি দেওয়া স্বাভাবিক।
তবে আদালত অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে