মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০
মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার মেলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম।
পুলিশ জানায়, দুর্ঘটনায় পড়া ইমরান পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। অপরদিকে বিআরটিসির একটি বাস বরিশাল থেকে ঢাকার দিকে আসছিল। পথে মুখোমুখি সংঘর্ষ হলে বাস দুটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের ধাক্কায় একটি বাসের পেছনের অংশ সড়কে থাকা একটি ভ্যানকে আঘাত করলে সেটিও ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা খোকন জমাদ্দার জানান, ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তাদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি তরিকুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে