Views Bangladesh Logo

ইরাকে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশির

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) স্থানীয় সময় ভোররাতে দ্রুতগামী বাসের চাপায় তাদের মৃত্যু হয়। তারা দুজনই জামালপুরের বাসিন্দা ছিলেন।

নিহতরা হলেন— মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী এলাকার খলিল মণ্ডলের ছেলে মনোহর আলী (৩৫) এবং চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে বজলুর রহমান (৪০)।

স্বজনদের বরাতে জানা গেছে, মনোহর আলী চার বছর আগে এবং বজলুর রহমান প্রায় দেড় বছর আগে জীবিকার সন্ধানে ইরাকে যান। তারা একই কনফেকশনারি কারখানায় কাজ করতেন। সোমবার ভোরে কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

এ ঘটনায় জামালপুরে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মনোহর আলীর বাড়িতে চলছে স্বজনদের আহাজারি।

মনোহরের স্ত্রী সোমা আক্তার জানান, রোববার বিকেলে স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়েছিল। স্বামী পরিবারের সবার খোঁজখবর নিয়েছিলেন। পরে সোমবার ভোরে ইরাকপ্রবাসী এক আত্মীয় ফোন করে দুর্ঘটনায় মৃত্যুর খবর জানান।

তিনি আরও বলেন, স্বামীর মৃত্যুর দিনই কালবৈশাখী ঝড়ে তাদের একমাত্র বসতঘরটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দুই সন্তান নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি। পাশাপাশি প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণের কিস্তি পরিশোধ নিয়েও দুশ্চিন্তায় আছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সূত্রে দুই প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ