Views Bangladesh Logo

নাটোরে বিদেশি পর্যটক হেনস্তার অভিযোগে আটক ২

নাটোরের লালপুর উপজেলায় দুই বিদেশি পর্যটককে হেনস্তার ঘটনায় অভিযুক্ত দুই তথাকথিত ‘কনটেন্ট ক্রিয়েটর’কে আটক করেছে পুলিশ। রোববার (১০ মে) তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের তমির উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (২৯) এবং তানোর উপজেলার আড়াদীঘি গ্রামের আয়েন উদ্দিনের ছেলে রাসেল ইসলাম (২৩)।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৮ মে) নাটোরের লালপুর উপজেলার গ্রিন ভ্যালি পার্কে ‘টিকটক বন্ধু মিলনমেলা-২০২৬’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন কথিত টিকটকার মোহাম্মদ সাধু। সেখানে প্রায় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

একপর্যায়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিক পার্কের ভেতর দিয়ে যাওয়ার সময় ১০ থেকে ১৫ জনের একটি দল তাদের পথরোধ করে। অভিযোগ রয়েছে, তারা বিদেশিদের উদ্দেশে অশ্লীল ভাষায় মন্তব্য করেন এবং ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

ঘটনাটি টের পেয়ে পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমানসহ কর্মচারীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে লালপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নাটোরের পুলিশ সুপারের নির্দেশনায় একটি বিশেষ টিম অভিযান চালিয়ে রাজশাহী ও নাটোরের বিভিন্ন এলাকায় তল্লাশি পরিচালনা করে। ভিডিও ধারণ ও ভাইরাল করার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ