সচিবালয়ে প্রতিদিন এক ঘণ্টার কর্মবিরতি ঘোষণা
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ থেকে উদ্ভূত সংকটের সমাধান না হওয়া পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে সচিবালয় অফিসার্স-এমপ্লয়িজ ইউনিটি ফোরাম।
ফোরামের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম আজ বুধবার (২৮ মে) সাংবাদিকদের বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সচিবালয়ে কর্মবিরতি পালিত হবে। তিনি জানান, আগামী ৩১ মে’র পর ফোরাম পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।
এই কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সচিবালয়ের পাশাপাশি দেশের সব সরকারি দপ্তরেও একই সময়ে কর্মবিরতি পালিত হবে বলে জানান তিনি।
এদিকে, সরকারী চাকরি সংশোধন অধ্যাদেশ নিয়ে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বে সাত সচিবের একটি কমিটি গঠিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই কমিটি সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশিদের সঙ্গে বৈঠক করেছে এবং ফোরামের দাবিদাওয়া তাঁর কাছে উপস্থাপন করেছে। মন্ত্রিপরিষদ সচিব বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন বলে জানা গেছে। তিনি বিদেশ সফর থেকে ফিরলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, সরকারী চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এ চাকরির নিরাপত্তা ও পদোন্নতি সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিতে পরিবর্তন আনা হয়েছে। এসব পরিবর্তনকে কেন্দ্র করে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে