Views Bangladesh Logo

রাজধানীতে চলছে ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশনস’

বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন (ইভি) শিল্পের প্রসার, আধুনিক প্রযুক্তি ও বিনিয়োগ সম্ভাবনাকে সামনে রেখে রাজধানী ঢাকায় শুরু হয়েছে ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশনস ২০২৬’। তিন দিনব্যাপী এ প্রদর্শনী ২৩ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হচ্ছে।

মেলায় দেশি-বিদেশি বিভিন্ন অটোমোবাইল কোম্পানি, যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও প্রযুক্তি সরবরাহকারীরা অংশ নিয়েছে। এখানে বৈদ্যুতিক এসইউভি, ইভি ট্রাক, থ্রি-হুইলার, টু-হুইলার এবং আধুনিক লিথিয়াম ব্যাটারি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। বিশেষভাবে জ্বালানি সংকট ও পরিবেশ দূষণ কমাতে ইভি প্রযুক্তির সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।

বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ একাধিক প্রতিষ্ঠান তাদের নতুন পণ্য ও প্রযুক্তি নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছে। দর্শনার্থীদের জন্য হল নং–১ ও ২ এবং আউটডোর এলাকায় বিভিন্ন প্যাভিলিয়ন উন্মুক্ত রাখা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সবার জন্য খোলা থাকবে।

আয়োজকদের আশা, এ প্রদর্শনীর মাধ্যমে দেশে ইলেকট্রিক যানবাহনের বাজার আরও সম্প্রসারিত হবে এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।

প্রদর্শনীর অন্যতম উদ্যোক্তা বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানিয়েছে, তারা দুই চাকা থেকে শুরু করে কার, এসইউভি, মাইক্রোবাস ও মিনি ট্রাকসহ বিভিন্ন ধরনের ইভি উৎপাদনের পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটির দাবি, এসব যানবাহনের দাম আমদানি করা ব্যবহৃত গাড়ির তুলনায় প্রায় ৫০ শতাংশ কম হতে পারে।



এছাড়া ইভি ব্যবহারে জ্বালানি খরচ প্রায় ৯০ শতাংশ এবং রক্ষণাবেক্ষণ ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমবে বলে জানানো হয়েছে। পরিবেশবান্ধব প্রযুক্তির কারণে এসব যানবাহন থেকে কোনো কার্বন নিঃসরণ হবে না, যা পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবে।

চট্টগ্রামের মিরসরাইয়ে ন্যাশনাল স্পেশালাইজড ইকোনমিক জোনে প্রতিষ্ঠানটির উৎপাদন কারখানা স্থাপন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ প্রথম ধাপের ইভি বাজারে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ দেশের অটোমোবাইল শিল্প ও বৈদ্যুতিক যানবাহনের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ