Views Bangladesh Logo

পেকুয়ায় বন্যার পানিতে ডুবে না ফেরার দেশে ১৯ মাসের শিশু

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যার পানিতে ডুবে মুশফিকুর রহিম (১৯ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মুশফিকুর রহিম ওই এলাকার প্রবাসী নাছির উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বন্যার পানিতে নাছির উদ্দীনের ঘরের ভেতরে হাঁটুপানি এবং উঠানে কোমরসমান পানি জমে ছিল। এ অবস্থায় শিশুটিকে ঘরে রেখে বাইরে কাজ করছিলেন তার মা। একপর্যায়ে সবার অগোচরে মুশফিকুর ঘর থেকে বের হয়ে বন্যার পানিতে পড়ে যায় এবং স্রোতে ভেসে যায়।

অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে প্রায় ১২০ ফুট দূরে শিশুটিকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বিভিন্ন এলাকায় এখনো পানি রয়েছে। এ অবস্থায় সবাইকে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ