একমাসে হাম ও উপসর্গে ১৯৮ শিশুর মৃত্যু
দেশজুড়ে উদ্বেগজনক হারে বেড়েছে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত শিশুদের সংখ্যা। গত এক মাসে সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১৯৮ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানা যায়, গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৩২ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৬৬ শিশু।
একই সময়ে সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩৯৮ শিশু। এদের মধ্যে ২ হাজার ৯৭৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টার চিত্রও উদ্বেগজনক। এই সময়ে নতুন করে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল। একই সময়ে নতুন করে ৭৬ শিশু হামে আক্রান্ত হয়েছে।
প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। এখানে গত এক মাসে হাম ও উপসর্গে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩০ জন।
এর পরেই রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৫৬ শিশু এবং মৃত্যু হয়েছে ৬৭ জনের।
অন্যদিকে তুলনামূলকভাবে কম আক্রান্ত হয়েছে রংপুর বিভাগে। সেখানে ৬৪৪ জন শিশু হাম ও উপসর্গে আক্রান্ত হলেও গত এক মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা, দ্রুত শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করা জরুরি। অন্যথায় পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে