আবাসিক হোটেলে ‘গোপন বৈঠকের’ অভিযোগে ১৯ ইউপি সদস্য আটক
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে ‘আওয়ামী লীগপন্থী’ ১৯ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শহরের কলাতলী সড়কের হোটেল-মোটেল জোনের ইউনি রিসোর্টের পঞ্চম তলা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা সেখানে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) কক্সবাজার জেলার ব্যানারে ‘রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়নে তৃণমূল জনপ্রতিনিধিদের করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় অংশগ্রহাণ করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা ইউনি রিসোর্টে গোপন বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে অনেক ইউপি সদস্য আছেন। যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের আটক করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
আটকদের মধ্যে রয়েছেন টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সদস্য জহির আহমেদ। তিনি গণমাধ্যমে বলেন, জেলার ইউপি সদস্যদের নিয়ে সভা ছিল। সেখানে দেশের ক্রান্তিকালে কীভাবে কাজ করা যায়, সেটি নিয়ে আলোচনা হচ্ছিল। হঠাৎ অতর্কিতভাবে পুলিশ ও সমন্বয়করা ঢুকে আমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে আটক করে।
পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়া মহেশখালী এলাকার ইউপি সদস্য সেলিম জানান, শুক্রবার আমাদের মেম্বারস অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ছিল। সেখানে সব রাজনৈতিক দলের মানুষও ছিল। আমাদের যদি গোপন বৈঠক থাকতো তাহলে সড়কের পাশে হোটেলে এতবড় অনুষ্ঠান হতো না। আমাদের হয়রানি করা হচ্ছে। কিন্তু এভাবেই আমাদের ভাইদের আটক করা হয়েছে, সেটির তীব্র নিন্দা জানাই।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে