Views Bangladesh Logo

এনআইডির তথ্য পাচারের অভিযোগে জয়-পলকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ছাড়াও মামলায় আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর কাফরুল থানায় সাইবার নিরাপত্তা আইনে এ মামলা করেন এনামুল হক (৩৯) নামে এক ব্যক্তি। বুধবার (৯ অক্টোবর) সকালে মামলার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির কাফরুল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কাজী গোলাম মোস্তফা।

মামলার এজাহারে বলা হয়েছে, সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ক্ষমতার অপব্যবহার করে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে জনগণের জাতীয় পরিচয়পত্রের তথ্য বিক্রি করেছেন।

এতে আরও বলা হয়, ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেডকে এনআইডির তথ্য ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ব্যবসার অনুমতি দেন আসামিরা। যে তথ্য দেশ ও দেশের বাইরের প্রায় ১৮২টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়। তৃতীয়পক্ষের কাছে তথ্য পাচার হওয়ায় জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

এছাড়া তথ্য বিক্রির প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগও আনা হয় এই মামলায়।

এদিকে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর থেকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একের পর এক মামলায় তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ