বাগেরহাটে বিএনপি–জামায়াত সংঘর্ষে ১৯ জন আহত, পৃথক অভিযানে অস্ত্রসহ আটক ১
বাগেরহাটের শরণখোলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের অন্তত ১৯ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকা উত্তেজনাকর পরিস্থিতির কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সংঘর্ষের ঘটনা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের ১ নম্বর সোনাতলা গ্রামে ঘটে।
স্থানীয় নেতা-কর্মীদের তথ্য অনুযায়ী, সংঘর্ষে জামায়াতের সাব্বির, তরিকুল, সোবহান, নাজমা ও ফরিদাসহ ১৫ জন আহত হয়েছেন। বিএনপির রফিকুল ও ছিদ্দিকসহ ৪ জনও আহত হয়েছেন।
অন্যদিকে, একই সময়ে জেলার কচুয়া উপজেলার বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে যৌথবাহিনী দেশীয় অস্ত্রসহ নাহিদ নামের এক যুবককে আটক করে। তার কাছ থেকে রামদাসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া সদর উপজেলার হাড়িখালী কাঠের পোল এলাকায় ফার্নিচারের দোকান থেকে যৌথবাহিনী বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তল্লাশির সময় ছয়টি হাসুয়া, তিনটি করাত, তিনটি চাকু, একটি বড় হাতুড়ি এবং সাতটি লোহার হাতুড়ি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র নাশকতার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।
বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান চৌধুরী বলেন, অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। কেউ অপরাধ করতে চাইলে তাকে আইনের আওতায় আনা হবে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন বলেন, শরণখোলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, পুলিশ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে