সাবেক মন্ত্রীর জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করায় গ্রেপ্তার ১৯
চট্টগ্রামে সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে কিছু নেতাকর্মী ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল বের করেন। এরপর তারা প্রধান সড়কে অবস্থান নেন বলে অভিযোগ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে লাঠি, ইট ও পাথর ছিল এবং তারা নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছিল।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় কোতোয়ালি থানায় একটি মামলা (মামলা নং-২৭, তারিখ ১৫ মে ২০২৬) দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে ১৫টি ভাঙা ইট ও ৮টি কাঠের লাঠি উদ্ধার করেছে বলে জানিয়েছে।
কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন বলেন, জানাজার পর স্লোগান দিয়ে লাঠিসহ জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় এবং আইনগত প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে