সাভারে আল-মুসলিম গ্রুপের ১৮৬৮ শ্রমিক ছাঁটাই
সাভারের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান আল-মুসলিম গ্রুপ ১,৮৬৮ জন শ্রমিককে ছাঁটাই করেছে। প্রতিষ্ঠানটি বলছে, ক্রয়াদেশ কমে যাওয়ার কারণে তাদের তিনটি কারখানা থেকে এসব শ্রমিককে ছাঁটাই করা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ছাঁটাই হওয়া সব শ্রমিকের বকেয়া ও পাওনা পরিশোধ করা হয়েছে।
গ্রুপের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু রায়হান জানান, প্রতিষ্ঠানের তিনটি কারখানায় মোট প্রায় ২৭ হাজার শ্রমিক কর্মরত ছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি ছাঁটাই হয়েছে উলাইল এলাকার একেএম নিটওয়্যার লিমিটেড থেকে ১,২৮৬ জন, রেডিও কলোনি এলাকার প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার থেকে ৫২৯ জন এবং আশুলিয়ার আল-মুসলিম অ্যাপারেলস থেকে ৫৩ জন।
তিনি বলেন, ব্যবসায়িক মন্দা ও ক্রয়াদেশ কমে যাওয়ায় শ্রম আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব শ্রমিকের পাওনা নিয়ম অনুযায়ী পরিশোধ করা হয়েছে।
তবে শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে এলাকায় ঈদের ছুটির পর কর্মস্থলে উত্তেজনা বা অসন্তোষ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা ও শ্রমিক সংগঠনের নেতারা।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, শ্রম আইন অনুযায়ী কাজ না থাকলে ছাঁটাই বৈধ হলেও পরবর্তীতে নিয়োগ হলে ছাঁটাই হওয়া শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার নিয়ম রয়েছে।
তিনি আরও জানান, হঠাৎ এত বড় সংখ্যক শ্রমিক ছাঁটাই হওয়ায় পরিস্থিতি নজরদারিতে রাখা প্রয়োজন।
ঈদের ছুটির পর কারখানা খোলার প্রথম দিনেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে