Views Bangladesh Logo

ইরান থেকে ফিরলেন ১৮৬ জন বাংলাদেশি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইরানে অবস্থানরত ১৮৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার দিবাগত রাত দুইটার পর তারা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে ফিরে আসা প্রবাসীদের স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়ামত উল্যাহ ভূঁইয়া এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় একটি বিশেষ উড়োজাহাজে সৌদি আরবের দাম্মাম হয়ে ইরান থেকে আরও ২৮২ জন বাংলাদেশি দেশে ফেরেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপত্তা ঝুঁকিতে পড়েন। অনিশ্চিত পরিস্থিতির কারণে তাদের মধ্যে ১৮৬ জন দেশে ফেরার আবেদন জানান।

সরকারের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং আজারবাইজান সরকারের সহায়তায় তাদের ইরান থেকে আজারবাইজানের রাজধানী বাকুতে নিয়ে আসা হয়। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ উড়োজাহাজে তারা ঢাকায় পৌঁছান।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ১১ জন শিশু ও ৮ জন নারী রয়েছেন। এছাড়া ১৪০ জনের বৈধ পাসপোর্ট না থাকায় ভ্রমণ অনুমতিপত্রের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের যেকোনো সংকটপূর্ণ এলাকা থেকে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের প্রত্যাবাসনে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ