২৩ দিনে ১৮৫ যানবাহন ও ১৫ স্থাপনায় অগ্নিসংযোগ
গত ২৩ দিনের মধ্যে বিএনপির ডাকা হরতাল-অবরোধে রাজধানীসহ দেশের ৩৪ জেলার ১৯৭টি স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ১৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনায় আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
সূত্রটি জানায়, গত ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর মোট ২৩ দিনে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পেছনে ‘উচ্ছৃঙ্খল জনতা’কে দায়ি করা হচ্ছে।
এসব ঘটনায় ১৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনা পুড়ে যায়। এর মধ্যে ৩৪ জেলায় দিনে গড়ে পাঁচটি বাস ও সাতটি অন্যান্য যানবাহন পুড়ে যায়। এ ছাড়া ৬০টি উপজেলায় আগুনের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ঢাকা দক্ষিণের মিরপুরে আগুনের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। ঢাকার বাইরে সবচেয়ে বেশি আগুনের ঘটনা ঘটেছে গাজীপুরে। এতে পুড়েছে ১১৮টি বাস, ২৬টি ট্রাক, ১৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল, ২টি ব্যক্তিগত গাড়ি, ৩টি মাইক্রোবাস, পিকআপ, লেগুনা ও সিএনজি, ২টি ট্রেনের বগি, ১টি নছিমন, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি ও পুলিশের গাড়ি।
এই ২৩ দিনে ১৫টি স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে বিএনপির ৫টি ও আওয়ামী লীগের ১টি অফিস। এ ছাড়াও আগুনে পুড়েছে বিদ্যুৎ অফিস, বাস কাউন্টার, শো-রুম ও অন্যান্য স্থাপনা।
এ সময় অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের দুইজন উদ্ধার কর্মীসহ আহত হয়েছেন পাঁচজন। দেশজুড়ে এসব অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৩৪১টি ইউনিট ও এক হাজার ৮৮৮ জন কর্মী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে