শাহজালালে বিমানে আটকা পড়ে ৫ ঘণ্টার দুর্ভোগ ১৮২ যাত্রীর
ঢাকা থেকে কলম্বোগামী ফিটস এয়ারের একটি ফ্লাইটে (৮ডি ০৯১২) প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বিমানের ভেতরে আটকে থেকে দুর্বিষহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ১৮২ জন যাত্রী। গত ১১ জুলাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে এ ঘটনা। ফ্লাইটটি রাত ২টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা উড্ডয়ন করে সকাল প্রায় পৌনে আটটায়।
যাত্রীদের অভিযোগ, এত দীর্ঘ সময় বদ্ধ অবস্থায় থাকার ফলে অনেকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, অথচ তাদের পর্যাপ্ত খাবার বা কোনো ধরনের সহায়তা দেওয়া হয়নি। উল্টো কিছু যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারেরও অভিযোগ উঠেছে।
শ্রীলঙ্কাগামী যাত্রী ও ‘গো গার্লস’ নামের একটি নারী পর্যটক দলের সহপ্রতিষ্ঠাতা সোনিয়া রিফাত গণমাধ্যমকে জানান, চেক-ইন থেকে শুরু করে পুরো প্রক্রিয়াতেই ছিল চরম বিশৃঙ্খলা। বিমানে ওঠার পরই কারিগরি ত্রুটির কথা জানানো হলেও যাত্রীদের নামতে দেওয়া হয়নি। তীব্র শ্বাসকষ্টে ভোগার পরও তাকে নামার অনুমতি দেওয়া হয়নি, বাধ্য হয়ে দরজার কাছে গিয়ে শ্বাস নিতে হয়েছিল তাকে।
সকাল সাড়ে সাতটার আগ পর্যন্ত কোনো খাবারও দেওয়া হয়নি বলে জানান সোনিয়া। ফলে শিশু ও বয়স্ক যাত্রীরা বিশেষভাবে কষ্ট পান। যাত্রা বাতিল করতে চাওয়া যাত্রীদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তার। তিনি বলেন, এক সদস্যের সঙ্গে খারাপ আচরণ এবং অন্য একজনের মুখের দিকে ব্যাগ ছুড়ে মারার ঘটনাও ঘটেছে।
কলম্বো পৌঁছানোর পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় সোনিয়াকে। প্রমাণ হিসেবে তিনি চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্রও দেখান। এই অভিজ্ঞতার পর তাদের সংগঠন ভবিষ্যতে ফিটস এয়ারের সঙ্গে কোনো ট্যুর না করার সিদ্ধান্ত নিয়েছে।
আরেক যাত্রী মেহরীন রহমানের জন্য এটি ছিল জীবনের প্রথম একক ভ্রমণ। তিনি কলম্বো না গিয়েই মাঝপথে বিমান থেকে নেমে যান। তার ভাষায়, ‘প্লেনে কোনো খাবার বা প্রয়োজনীয় সেবা ছিল না, এমনকি ডায়াবেটিসে আক্রান্ত যাত্রীরাও নির্দিষ্ট সময়ে খাবার না পেয়ে ভোগান্তির শিকার হন।’
ফিটস এয়ারের প্রতিনিধি রানা দাবি করেন, ফ্লাইটটি মাত্র ৪৫ মিনিট বিলম্বিত হয়েছিল এবং বাকি বিলম্বের জন্য রানওয়ে সংস্কার, বৈরী আবহাওয়া ও লজিস্টিক সীমাবদ্ধতাকে দায়ী করেন।
তবে যাত্রীদের তোলা ছবি বিশ্লেষণ করে দেখা যায়, প্রকৃতপক্ষে বিলম্ব হয়েছিল প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, ফ্লাইটটি নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর ঢাকায় অবতরণ করে এবং উড্ডয়নের ঠিক আগমুহূর্তে প্রকৌশলীরা বিমানের হাইড্রোলিক ফ্লুইড কমে যাওয়ার ত্রুটি শনাক্ত করেন, যার কারণে বিমানটিকে সাময়িকভাবে উড্ডয়ন-অনুপযুক্ত ঘোষণা করা হয়।
তিনি বলেন, যাত্রীদের প্রায় পাঁচ ঘণ্টা বিমানের ভেতরেই অবস্থান করতে হয়েছিল। তবে সকাল ৬টার দিকে হালকা নাশতার ব্যবস্থা করা হয়েছিল। যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের কোনো আনুষ্ঠানিক অভিযোগ এখনো পাইনি।
মতামত দিন