Views Bangladesh Logo

বাবাকে হারিয়েছেন বন্দিজীবনে; পরিবারের আশা, এবার মিলবে স্থায়ী মুক্তি

তাজমহল দেখতে গিয়ে কারাগারে ১৮ বছর, প্যারোলে মুক্তি পাচ্ছেন বাদল ফরাজী

তাজমহল দেখার স্বপ্ন নিয়ে ভারতে গিয়েছিলেন বাংলাদেশের বাদল ফরাজী। কিন্তু, শুধুমাত্র নামের মিল থাকায় একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছিলেন। তারপর, ১৮ বছরের দীর্ঘ আইনি লড়াই, দুই দেশের বন্দী স্থানান্তর চুক্তি এবং পরিবারের অপেক্ষার পর এবার চার সপ্তাহের প্যারোলে মুক্তি পাচ্ছেন তিনি। তবে সাময়িক এই মুক্তির মধ্যেও পরিবারের একটাই প্রত্যাশা—বাদল যেন আর কারাগারে ফিরে না যান।

২০০৮ সালের ৬ মে দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে নিজের বাসায় খুন হন ৭১ বছর বয়সী নির্মলা মাদান। এ ঘটনায় অমর কলোনি থানায় হত্যা মামলা হয়। পুলিশ তখন নিহতের গৃহকর্মী বাদল সিং নামে এক ব্যক্তিকে খুঁজছিল।

হত্যাকাণ্ডের দুই মাস সাত দিন পর, ১৩ জুলাই পর্যটক ভিসায় বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন বাংলাদেশি বাদল ফরাজী।

পরিবারের দাবি, তাজমহল দেখার উদ্দেশ্যেই ভারতে গিয়েছিলেন তিনি। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে হত্যা মামলার পলাতক আসামি বাদল সিং হিসেবে গ্রেপ্তার দেখায়।

পরিবারের ভাষ্য, তখন বাদল ছিলেন অষ্টম শ্রেণির ছাত্র। হিন্দি ও ইংরেজি ভাষা না জানায় নিজের পরিচয় যথাযথভাবে তুলে ধরতে পারেননি তিনি। পরবর্তী সময়ে তার পাসপোর্ট, ভিসা, ভারতে প্রবেশের তথ্য এবং স্কুলের প্রত্যয়নপত্র উপস্থাপন করা হলেও মুক্তি মেলেনি।

২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত বাদলকে দোষী সাব্যস্ত করেন। একই বছরের ২২ আগস্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরের বছর দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।

প্রায় ১০ বছর দিল্লির তিহার কারাগারে বন্দী ছিলেন বাদল। বন্দিজীবনের মধ্যেও পড়াশোনা চালিয়ে যান তিনি। কারাগারে থেকেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষা সম্পন্ন করেন।

২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পর প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। পরে স্থানান্তর করা হয় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে।

দেশে ফিরলেও মুক্তি মেলেনি তার। দীর্ঘ বন্দিজীবনের অবসানের অপেক্ষায় দিন গুনতে থাকে পরিবার।

পরিবারের ভাষ্য অনুযায়ী, ২০২২ সালের ২০ জুলাই বাদলের কারাভোগের ১৪ বছর পূর্ণ হয়। এর মধ্যে ২০২৪ সালে দিল্লি সরকারের সাজা পর্যালোচনা বোর্ডে তার অকালমুক্তির বিষয়টি উত্থাপন করা হলেও আবেদন প্রত্যাখ্যান করা হয়।

বাদলের ঘটনা নতুন করে করে আলোচনায় আসে লেখক রাহিতুল ইসলামের জীবনীভিত্তিক উপন্যাস বাদলের কারাবাস প্রকাশের পর। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত বইটির উপশিরোনাম ‘ভুল বিচারে ১৮ বছর, ভারত থেকে বাংলাদেশ’। এতে বাদলের গ্রেপ্তার, বিচারপ্রক্রিয়া, কারাজীবন, পড়াশোনা এবং মুক্তির জন্য স্বজন ও মানবাধিকারকর্মীদের উদ্যোগ তুলে ধরা হয়েছে।

লেখক রাহিতুল ইসলাম বলেন, প্যারোল বাদলের সমস্যার স্থায়ী সমাধান নয়। ‘১৮ বছরের ক্ষতিপূরণ প্যারোলে হয় না। বিষয়টির স্থায়ী নিষ্পত্তিতে দুই দেশের সরকারের উদ্যোগ প্রয়োজন।’

এরপর, বাদলের প্যারোলের বিষয়ে ভারতের দিল্লি হাইকোর্টের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। গত ২৯ সেপ্টেম্বর বিচারপতি অমিত বনসাল আবেদনের নির্দিষ্ট প্রার্থনা মঞ্জুর করেন। তবে আদালত জানান, প্যারোল বা ফার্লোর ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুসরণ করতে হবে।

দিল্লি হাইকোর্টের আদেশের পর ১ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারক পাঠায়। পরে ১১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আরেকটি স্মারক জারি করে। গত ২৫ অক্টোবর বাদলের বোন আকলিমা বেগম তার ভাইয়ের প্যারোল চেয়ে আবেদন করেন। এরপর আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামত নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ স্মারকে দিল্লি হাইকোর্টের আদেশ, আইন ও বিচার বিভাগের মতামত এবং ২০১৬ সালের প্যারোল নীতিমালার উল্লেখ রয়েছে। প্যারোলে মুক্ত থাকার সময় বাদলকে নীতিমালার সব শর্ত মেনে চলতে হবে।

এই আদেশের পর, তাকে চার সপ্তাহের প্যারোলে মুক্তি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ১৬ নভেম্বর গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা। কারা কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।

এখন বাদলের স্বজনদের আশা এই পরিচয় বিভ্রাটের ঘটনার যথাযথ তদন্ত হবে এবং দীর্ঘ ১৮ বছর কারাবাসের পর মুক্তি মিলবে তার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ