টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসার সময় কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপ উপকূলে একটি রোহিঙ্গাবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। তবে এখনো নিখোঁজ রয়েছেন নৌকাটির মাঝিমাল্লাসহ আরও ১৩ জন ।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাটসংলগ্ন সাগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে উদ্ধার হওয়া ব্যক্তিদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্র জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে একদল রোহিঙ্গা নৌকাযোগে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। শাহপরীরদ্বীপ উপকূলের কাছে তাদের নৌকাটি পৌঁছালে প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে সেটি ডুবে যায়। তবে চারজন মাঝিমাল্লা এপার থেকে গিয়ে তাদের আনতে গিয়েছিলেন।
এ বিষয়ে সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মন্নান বলেন, ‘সীমান্তের ওপারের সংঘাতময় পরিস্থিতির কারণে তারা বাংলাদেশে আসার চেষ্টা করছিল। নৌকাডুবির খবর পেয়ে স্থানীয় জেলেরা উদ্ধার অভিযানে অংশ নিয়ে ১৮ জনকে জীবিত উদ্ধার করেন। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।’
শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়ার জেলে মো. ইসমাইল জানান, নৌকাটিতে ৩১ জন আরোহী ছিলেন। নৌকাডুবির পর স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান চালিয়ে ১৮ জনকে জীবিত উদ্ধার করেন। তবে এখনও ১৩ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন পূর্বে বাংলাদেশের রোহিঙ্গা শিবির থেকে মিয়ানমারে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিল। সাম্প্রতিক পরিস্থিতিতে তারা পুনরায় বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল। তবে এই বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাগুলো যাচাই করছে।
এ ব্যাপারে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘শাহপরীরদ্বীপ এলাকায় নৌকাডুবির ঘটনায় ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন। তাদের পরিচয় এবং বাংলাদেশে আসার কারণ যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’
উল্লেখ্য, বর্তমানে প্রায় সাড়ে ১২ লাখ রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে অবস্থান করছেন। ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও সামরিক অভিযানের মুখে কয়েক মাসের ব্যবধানে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেন প্রায় ৮ লাখ রোহিঙ্গা।
মতামত দিন