বেলুচিস্তানে সশস্ত্র হামলায় ১৮ পাকিস্তানি সেনা ও ২৩ বিদ্রোহী নিহত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে ভয়াবহ সশস্ত্র হামলায় আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) অন্তত ১৮ সেনা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠীর ২৩ জনকেও পাল্টা অভিযানে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী।
বার্তা সংস্থা এএফপি পুলিশ ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানায়, শনিবার (১ ফেব্রুয়ারি) মানগোচার শহরের কাছে সড়ক অবরোধ করে ৭০-৮০ জন সশস্ত্র বিদ্রোহী নিরস্ত্র এফসি সেনাদের বহনকারী গাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে গাড়িতে থাকা ১৭ জন এবং উদ্ধার করতে যাওয়া আরেক সেনা সদস্য নিহত হন। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অবস্থা আশঙ্কাজনক। তবে সৌভাগ্যক্রমে আরও দুই সেনা সদস্য প্রাণে বাঁচতে সক্ষম হয়েছেন।
এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ঘটনার পর পরই চালানো অভিযানে ২৩ জন সশস্ত্র ‘সন্ত্রাসীকে’ হত্যা করা হয়েছে।
বেলুচিস্তান প্রদেশ আফগানিস্তান ও ইরান সীমান্তঘেঁষা। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ প্রদেশটি পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের দাবিতে দীর্ঘদিন ধরে বিদ্রোহী তৎপরতায় জড়িত। অঞ্চলটিতে প্রধানত সেনাবাহিনীর ওপর হামলা চালায় সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ), যারা চীনা কোম্পানির কর্মীদেরও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে।
তাদের অভিযোগ, চীনসহ বিদেশি কোম্পানিগুলো বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে। অথচ এখানকার জনগণ পাকিস্তানের মধ্যে সবচেয়ে বেশি দারিদ্র্যের শিকার।
বেলুচিস্তানের পাশাপাশি খাইবার পাখতুনখাওয়া প্রদেশেও পাকিস্তানি বাহিনী নিয়মিত সন্ত্রাসী হামলার মুখোমুখি হচ্ছে। পাকিস্তানি সেনাবাহিনীর তথ্য অনুসারে, ২০২৪ সালে এখন পর্যন্ত ৩৮৩ জন সেনা এবং ৯২৫ জন সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছেন।
এর মধ্যে ভয়াবহতম হামলাটি ছিল ২০২৩ সালের নভেম্বরে কোয়েটার রেলস্টেশনে বিস্ফোরক হামলা, যার দায় স্বীকার করেছিল বিএলএ। সেবারের হামলায় ২৬ জন নিহত হন, যাদের ১৪ জনই সেনা সদস্য।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে