Views Bangladesh Logo

আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, গ্রেপ্তার ১৮

বরিশালের আগৈলঝাড়া থানায় গ্রেপ্তার এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ১০ নারী ও ৮ পুরুষসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে বরিশালের পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, থানায় হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন রিয়াজ ফকিরের বাবা সিদ্দিক ফকির, বোন শারমিন আক্তার, গিয়াস ফকির, সবুজ ফকির, মান্নান ফকির, রিফাত ফকির, নাঈম ফকির, হাবিবুর রহমান, রাজু হাওলাদার, তাহমিনা বেগম, মনোয়ারা বেগম, আসমা আক্তার, মমতাজ বেগম, ঝুমুর বেগম, নাজমা আক্তার ও তানজিলা আক্তারসহ মোট ১৮ জন।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে চুরি ও মাদকসহ একাধিক মামলার আসামি ফুলশ্রী গ্রামের রিয়াজ ফকিরকে একটি চুরির মামলায় গ্রেপ্তার করা হয়। থানার হাজতে থাকা অবস্থায় তিনি দেয়ালের সঙ্গে নিজের মাথায় আঘাত করে আহত হন। রাত ১১টার দিকে তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়; অবস্থার অবনতি হলে গভীর রাতে স্থানান্তর করা হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।

বৃহস্পতিবার দুপুরে রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তার স্বজন ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিকেলে কয়েকশ মানুষ মিছিল নিয়ে আগৈলঝাড়া থানায় হামলা চালায়। এ সময় থানায় ভাঙচুরের পাশাপাশি কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই আব্দুল হালিমকে বেধড়ক মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পুলিশের ছয় সদস্যসহ অন্তত ১২ জন আহত হন।

গুরুতর আহত এএসআই আব্দুল হালিমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল লিমন মিয়া, ফরহাদ হোসেন, মনির হোসেন, আল আমিন হোসেন ও মেহেদী হাসান। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ খান বলেন, হামলার পর থেকেই থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রাতভর অভিযান চালিয়ে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ১০ জন নারী ও ৮ জন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে হামলায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় বেআইনি সমাবেশ ও দাঙ্গা, অনধিকার প্রবেশ, সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের ওপর হামলা, গুরুতর আঘাত ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ