লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে দীর্ঘদিন বন্দি থাকার পর আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে এসব বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টার দিকে লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে করে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও একজন শিশু রয়েছেন। এ ছাড়া ১৫ জন অসুস্থ ব্যক্তিও রয়েছেন বলে জানা গেছে।
ফেরত আসা বাংলাদেশিদের বেশিরভাগই উন্নত জীবনের আশায় দালালদের মাধ্যমে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় তাদের উদ্ধার বা আটক করা হয়। পরে তাদের লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে রাখা হয়। দীর্ঘদিন এসব কেন্দ্রে থাকার কারণে অনেকেই শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ায় আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের জন্য স্থানীয় প্রশাসন এবং আইওএমের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে। এরই অংশ হিসেবে প্রয়োজনীয় পরিচয় যাচাই ও অন্যান্য প্রক্রিয়া শেষে স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৪ জনকে দেশে ফেরানো সম্ভব হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বেনগাজীর গ্যানফুদা এবং ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে থাকা বাংলাদেশিদের বিষয়ে নিয়মিত সাক্ষাৎকার নেওয়া, পরিচয় শনাক্তকরণ এবং প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে। সেখানে থাকা অন্য বাংলাদেশিদেরও পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রয়েছে।
এর আগে গত ৭ আগস্ট লিবিয়া থেকে একই প্রক্রিয়ায় ৩৪০ বাংলাদেশি দেশে ফেরেন। সর্বশেষ ১৭৪ জনসহ আগস্ট মাসে এ পর্যন্ত মোট ৫১৪ বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। দূতাবাস অনিয়মিত পথে বিদেশ যাওয়ার ঝুঁকি এড়িয়ে বৈধ অভিবাসনপদ্ধতি অনুসরণ করতে বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে।
মতামত দিন