Views Bangladesh Logo

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বিভিন্ন বন্দিশিবিরে দীর্ঘদিন আটক থাকার পর দেশে ফিরেছেন আরও ১৭৪ বাংলাদেশি নাগরিক। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় সোমবার (২৩ নভেম্বর) তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে এসব বাংলাদেশিকে মুক্ত করে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। তাদের মধ্যে ১৯ জন শারীরিকভাবে অসুস্থ।

দূতাবাস জানিয়েছে, লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে মঙ্গলবার সকাল ৬টার দিকে তাদের ঢাকায় পৌঁছানোর কথা। এর আগে বেনগাজির বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ।

এ সময় দেশে ফিরে স্বাভাবিক জীবনে ফিরে আসার পাশাপাশি ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পরামর্শ দেন রাষ্ট্রদূত। একই সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশে যাত্রা না করার আহ্বান জানান তিনি।

জানা গেছে, ভূমধ্যসাগরে উদ্ধার হওয়ার পর এসব বাংলাদেশিকে দীর্ঘদিন ধরে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছিল।

এদিকে, আগামী ২৫ নভেম্বর ত্রিপলি ও মিসরাতা থেকে আরও ১৭৫ বাংলাদেশিকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। এ প্রক্রিয়া সম্পন্ন হলে লিবিয়া থেকে আরও উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি নাগরিক দেশে ফেরার সুযোগ পাবেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ