ভাতার আওতায় আরও ১৭১ খেলোয়াড়
দেশের ক্রীড়াবিদদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে ও ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গত ৩০ মার্চ চালু হওয়া ক্রীড়া ভাতা কর্মসূচির দ্বিতীয় ধাপে যুক্ত হলেন আরও ১৭১ জন খেলোয়াড়। এতে এই সুবিধার আওতায় আসা মোট খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াল ৩০০।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আজ ১৭১ জন খেলোয়াড়কে মাসিক এক লাখ টাকা করে ভাতা এবং ক্রীড়া কার্ড দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই ধাপে ভাতার আওতায় এসেছেন পুরুষ ও নারী ফুটবল দলের ৩৬ জন।
এ ছাড়া প্রথমবারের মতো গঠিত জাতীয় নারী হকি দলও ভাতার আওতায় এসেছে। এশিয়ান গেমস বাছাইপর্বে অংশ নিতে আজ রাতেই ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে দলটি।
শুধু জাতীয় দলই নয়, আন্তর্জাতিক সাফল্য নিয়ে আসা তরুণ প্রতিভাদেরও মূল্যায়ন করছে সরকার। সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান আঞ্চলিক জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বালক দ্বৈতে স্বর্ণজয়ী সিফাত উল্লাহ ও নাজমুল ইসলামকে ক্রীড়া কার্ডের সঙ্গে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে।
সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে বিভিন্ন খেলার মোট ৫০০ জন ক্রীড়াবিদ এই ভাতার আওতায় আসবেন। তবে কেউ স্থায়ীভাবে এই ভাতা পাবেন না; প্রতি চার মাস অন্তর পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে তালিকা হালনাগাদ করা হবে।
গত ৩০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এই ভাতা কার্যক্রমের উদ্বোধন করেন। সেদিন ভাতা ও ক্রীড়া কার্ড পেয়েছিলেন ১২৯ জন খেলোয়াড়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে