Views Bangladesh Logo

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজী থেকে ডিটেনশন সেন্টারে আটকসহ স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক ১৭০ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ৫টায় বুরাক এয়ারের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের যৌথ প্রচেষ্টায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও লিবিয়া সরকারের সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেরত আসা বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে দালালের খপ্পরে পড়ে লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। সেখানে অবস্থানকালে তাদের অনেকেই বিভিন্ন সময়ে স্থানীয় মানবপাচারকারীদের হাতে অপহরণ, জিম্মি ও নির্মম নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেন।

আজ সকালে শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে দেশে ফিরে এই দুর্বিষহ অভিজ্ঞতার কথা সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভুক্তভোগীদের অনুরোধ জানানো হয়।

এদিকে দেশে ফেরা বাংলাদেশিদের জন্য আইওএম-এর পক্ষ থেকে জরুরি প্রাথমিক চিকিৎসা, খাবার, পকেটমানি (পথখরচা) এবং প্রয়োজনে সাময়িক বাসস্থানের ব্যবস্থা করা হয়। একইসঙ্গে জানানো হয়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে এখনও আটকে থাকা অন্যান্য বাংলাদেশিদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করে যাচ্ছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ