Views Bangladesh Logo

বান্দরবানে আগুনে পুড়লো ত্রিপুরা সম্প্রদায়ের ১৭ বসতঘর

বান্দরবানের লামা উপজেলায় ত্রিপুরা জনগোষ্ঠীর ১৭টি বসতঘর আগুনে পুড়ে গেছে। অভিযোগ উঠেছে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে পাড়ার লোকজন গীর্জায় গেলে দুর্বৃত্তরা এ ফাঁকে আগুন লাগিয়ে বসতঘর পুড়িয়ে দেয়।

পাড়ার লোকজন অভিযোগ করে জানান, লামা উপজেলার সরই ইউনিয়নের নতুন তংগোঝিরি পাড়ায় এসপি বাগান এলাকায় ত্রিপুরা সম্প্রদায়ের ১৮ পরিবারের বসবাস করতেন দীর্ঘদিন ধরে। পাড়াটির নাম দেয়া হয়েছিল তংগোঝিরি নতুন পাড়া। বড়দিনের উৎসব উপলক্ষ্যে মঙ্গলবার রাতে পাড়ার সকলেই পার্শ্ববর্তী তংগোঝিরি পাড়া গীর্জায় প্রার্থনায় যান। এসময় পাড়ায় কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা বসতঘর গুলোতে আগুন লাগিয়ে দেয়।

পাড়ার প্রধান (কার্বারী) পাইসাপ্রু ত্রিপুরা জানান, তাদের ভোগদখলীয় জমিগুলো কথিত এসপির লোকজন দখল করে তাদের বিতাড়িত করেছিলেন।

জানা গেছে, ৫ আগষ্ট গণঅভ্যুথানের পর ওই এসপির লোকজন এলাকা থেকে চলে গেলে সেখানে ১৮টি ত্রিপুরা পরিবার বসবাস শুরু করে।

সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানি বলেন, ‘তংগঝিড়ি এলাকায় নতুন তংগঝিড়ি পাড়াটি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে। গতরাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে ১৭টি ঘর পুড়ে গেছে বলে শুনেছি। ঘটনাস্থল পরিদর্শনের পর বিস্তারিত বলা যাবে।’

লামা উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রুপায়ন দেব জানান, নতুন তংগঝিড়ি পাড়ার ক্ষতিগ্রস্ত এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেছেন। সেখানে হিংসাত্মকভাবে ১৭টি ঘর পুড়িয়ে দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদেরকে অভিযোগ দেয়ার জন্য পরামর্শও দেয়া হয়েছে। আপাতত ভুক্তভোগীদের জন্য কম্বল, খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার পুলিশ পরিদর্শক মো. এনামুল হক ভুঁইয়া জানান, তংগঝিড়ি এলাকায় ভূমি সংক্রান্ত পাল্টাপাল্টি অভিযোগ ও বেদখলের ঘটনা রয়েছে। যথাযথ তদন্ত করে দোষী ব্যাক্তিদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ