প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে মোট ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর মধ্যে বিনিয়োগ, সরকারি পর্যায়ের সহযোগিতা এবং রাজনৈতিক যোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।
শুক্রবার বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এ তথ্য জানান।
তিনি বলেন, চীনের নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার পর দুই দেশের সম্মতির ভিত্তিতে এসব সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে ১৩টি হয়েছে দুই দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর সঙ্গে চীনের বিভিন্ন বিনিয়োগ প্রতিষ্ঠানের তিনটি সমঝোতা হয়েছে।
আরেকটি সমঝোতা স্মারক হয়েছে রাজনৈতিক দলের মধ্যে। বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপি এবং চীনের ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে বলে জানানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি ছিল সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর। সফরের শুরুতে তিনি মালয়েশিয়া যান, পরে চীনের তালিয়ান ও বেইজিং সফর করেন।
বেইজিং সফরের সময় চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং পরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও শক্তিশালী করা, বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোই ছিল এই সফরের অন্যতম লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মতামত দিন