Views Bangladesh Logo

পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

বিসিএস পুলিশ ক্যাডারের আরও ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ‘জনস্বার্থে’ বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৫ ধারার বিধান অনুযায়ী এসব কর্মকর্তাকে অবসর প্রদান করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়, তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিআইজি, বিভিন্ন ইউনিটের প্রধান এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা।

তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে আছেন এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ, সিআইডির ডিআইজি হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর, এনএসআইয়ের পরিচালক হারুন-অর-রশীদ এবং পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

এছাড়া অবসরে পাঠানো হয়েছে পিটিসি নোয়াখালীর কমান্ড্যান্ট হায়দার আলী খান, পিটিসি খুলনার কমান্ড্যান্ট মাহবুবুর রহমান ভূঁইয়া, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি রুহুল আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি রফিকুল হাসান গনি, নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলীকে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিন, রেলওয়ে পুলিশের ডিআইজি গোলাম রউফ খান, পিটিসি রংপুরের কমান্ড্যান্ট রেজাউল হায়দার, হাইওয়ে পুলিশের ডিআইজি রখফার সুলতানা খানম এবং রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদমর্যাদা) ফারহাত আহমেদকেও অবসরে পাঠানো হয়েছে।

এর আগে গত ২২ এপ্রিল আরও ১৩ জন ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। ওই তালিকায় বিভিন্ন ইউনিটের শীর্ষ কর্মকর্তারা ছিলেন, যাদের মধ্যে এন্টি টেরোরিজম ইউনিট, নৌ পুলিশ, পুলিশ অধিদপ্তর ও অন্যান্য বিশেষায়িত ইউনিটের কর্মকর্তারা অন্তর্ভুক্ত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ