এইচএসসির দ্বিতীয় দিনে বহিষ্কার ১৭, অনুপস্থিত ২৭ হাজারের বেশি পরীক্ষার্থী
এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে সারা দেশে ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই দিনে ১১টি শিক্ষা বোর্ডে মোট ২৭ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষায় ছিল নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি প্রথমপত্র ও আরবি সাহিত্য এবং কারিগরি শিক্ষা বোর্ডে ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিদেশের আটটি কেন্দ্র এ হিসাবের বাইরে রয়েছে।
এদিন মোট ১০ লাখ ৩০ হাজার ৮০৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও পরীক্ষায় অংশ নেন ১০ লাখ ৩ হাজার ৪৭৯ জন। ফলে অনুপস্থিত ছিলেন ২৭ হাজার ৩২৭ জন।
বহিষ্কৃত ১৭ পরীক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ ৭ জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের। এছাড়া নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ৭ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩ জনকে বহিষ্কার করা হয়েছে।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ৮ লাখ ৬০ হাজার ৭৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮ লাখ ৪১ হাজার ১২৫ জন। অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৬৩৯ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮৪ হাজার ২৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭৯ হাজার ৯১ জন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ২০২ জন।
কারিগরি শিক্ষা বোর্ডে ৮৫ হাজার ৭৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৮৩ হাজার ২৬৩ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৪৮৬ জন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, সারাদেশে পরীক্ষার পরিবেশ ছিল সন্তোষজনক ও শান্তিপূর্ণ।
মতামত দিন