তামিলনাড়ু ও কেরালায় ১৭ ‘বাংলাদেশি নাগরিক’ আটক
ভারতের তামিলনাড়ু ও কেরালায় পৃথক অভিযানে ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
তাদের মধ্যে ১৫ জনকে তামিলনাড়ুর তিরুপুর থেকে আটক করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু ও দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার তামিলনাড়ুর তিরুপুরে জাল কাগজপত্রের মাধ্যমে অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তারা স্থানীয় এক হোসিয়ারি কারখানায় কাজ করতে এসেছিলেন।
তাদের মধ্যে ১০ জনকে নাল্লুর কাশিপালায়ম-কাঞ্চিনগর এলাকা থেকে এবং বাকি পাঁচজনকে থিরুমুরুগানপুন্ডি থানা এলাকার ভাবিপালায়ম থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি মাসে এখন পর্যন্ত এক নারীসহ মোট ৮৩ জন বাংলাদেশি নাগরিককে ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্টের অধীনে অবৈধ বসবাসের অভিযোগে আটক করা হয়েছে।
এদিকে, কেরালার কোচি শহরের ভেন্নালা এলাকা থেকে অবৈধভাবে বসবাসের অভিযোগে আরও দুই বাংলাদেশিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ বালজিত (৩১) ও মোহাম্মদ বাবু (৩৬)। তারা দুজনই বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, তারা গত কয়েক বছর ধরে ভেন্নালা ও পালারিভাত্তম এলাকায় ভাঙারির ব্যবসা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের ভাড়াবাসায় গিয়ে যাচাই করার চেষ্টা করে।
প্রাথমিকভাবে তারা নিজেদের ভারতীয় নাগরিক পরিচয় দিয়ে আধার কার্ড দেখান। বালজিতের আধার কার্ডে বেঙ্গালুরুর ঠিকানা ছিল, আর বাবুর কার্ডে দিল্লির ঠিকানা দেয়া ছিল।
তবে সন্দেহ হওয়ায় পুলিশ তাদের মোবাইল ফোন পরীক্ষা করে। সেখানে দেখা যায়, তাদের ফেসবুক অ্যাকাউন্ট বাংলাদেশি নম্বর ব্যবহার করে খোলা হয়েছে। এছাড়া, বিভিন্ন সময়ে বাংলাদেশের নম্বরে ফোন কল ও হোয়াটসঅ্যাপ বার্তা আদান-প্রদানের প্রমাণ পাওয়ার দাবি করছে পুলিশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে