ছেলের জন্মে ১৬ বছরের অপেক্ষার অবসান, ৭ মাসেই হামে নিভে গেল প্রাণ
কুমিল্লায় হামের লক্ষণ নিয়ে সাজিদ আল নাহিয়ান নামের সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। নাহিয়ান চৌদ্দগ্রাম উপজেলার সিংরাইশ গ্রামের পারভেজ আহমেদ সুমনের ছেলে। চার ভাইবোনের মধ্যে সে ছিল পরিবারের সবচেয়ে ছোট সন্তান।
নাহিয়ানের বাবা পারভেজ আহমেদ সুমন বলেন, গত ১৪ এপ্রিল সর্দি-কাশিতে আক্রান্ত হয় শিশু সাজিদ। এরপর তাকে চৌদ্দগ্রাম বাজারের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ওষুধ সেবনের পর কিছুটা সুস্থ হয়ে ওঠে সে। তবে গত ১২ মে আবারও অসুস্থ হয়ে পড়লে সাজিদকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে প্রথমে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে পর্যায়ক্রমে ঢাকা শিশু হাসপাতাল, ঢাকা ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল এবং সর্বশেষ তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির দেড় যুগ আগে বিয়ে হয়। বিয়ের পর একে একে তিনটি মেয়ে শিশুর জন্ম দেয় দম্পতি। একটি ছেলের আশায় গত ১৬ বছর ধরে অপেক্ষা করছিলেন তারা। গত বছরের নভেম্বরে অবশেষে তাদের কোলজুড়ে ছেলে শিশুর জন্ম হয়। শিশুটির নাম রাখা হয় সাজিদ আল নাহিয়ান। বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ তোফায়েল বলেন, শিশুটিকে হামের উপসর্গ নিয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। তার অবস্থার অবনতি হলে আমরা তার পরিবারকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেই। শুনেছি সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে