Views Bangladesh Logo

বিক্ষোভকারীদের হত্যার উদ্দেশ্যে ১৬৯৫ মামলা, অক্টোবরে গ্রেপ্তার ৩১৯৫: পুলিশ সদর দপ্তর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে হামলাকারী, হত্যার ইন্ধনদাতা ও নির্দেশ দাতাদের বিরুদ্ধে এখন পর্যন্ত দেশের বিভিন্ন থানায় ১ হাজার ৬৯৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব কর্মকাণ্ডে অক্টোবর মাসেই ৩ হাজার ১৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তৎকালীন সরকারি দলের নেতৃস্থানীয় ৭৪ জন রয়েছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চলমান।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, বিগত সরকারের আমলে রাজনৈতিক দলের ছত্রছায়ায় যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ছিল তাদের বিরুদ্ধেও মামলা, গ্রেপ্তারসহ আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছাত্র-জনতা ও আপামর জনসাধারণের এক্ষেত্রে শঙ্কিত হবার কোনো কারণ নেই। পুলিশের সেবা হবে হয়রানি মুক্ত, জনবান্ধব। কেউ যেন অযথা হয়রানির শিকার না হয় তা বাংলাদেশ পুলিশ নিশ্চিত করবে।

এতে আরও জানানো হয়, বৈষম্যহীন সমাজ গঠন এবং মানুষের সব অধিকার নিশ্চিতে বৈষম্যবিরোধী আন্দোলনকে যুগান্তকারী মাইলফলক বলে উল্লেখ করা হয়েছে এতে। এ আন্দোলন সবার জন্য অমিত সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে উল্লেখ করে, এই অগ্রযাত্রায় ছাত্র-জনতা ও আপামর জনসাধারণের সঙ্গে কাঙ্খিত বাংলাদেশ গঠনে পুলিশ নিত্য সারথী হয়ে কাজ করতে বদ্ধপরিকর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ