লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৬৮ বাংলাদেশি
ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটকে পড়া আরও ১৬৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার পর বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস জানায়, বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা এই প্রবাসীরা গতকাল সোমবার রাতে দেশের উদ্দেশে রওনা দেয়। অবৈধভাবে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টার সময় দেশটির কোস্টগার্ডের মাধ্যমে উদ্ধার হওয়ার পর দীর্ঘ সময় ধরে তাদের এই আটককেন্দ্রে কাটাতে হয়।
দূতাবাস আরও জানায়, লিবিয়ার বিভিন্ন কেন্দ্রে আটক বাংলাদেশিদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন এবং আইওএম-এর সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে।
এদিকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশযাত্রার বিষয়ে চরম হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ দূতাবাস। সংস্থাটি জানায়, সমুদ্রপথে অবৈধ ভ্রমণের চেষ্টা প্রায়ই ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। এতে অনেকে প্রাণ হারান, নিখোঁজ হন কিংবা মানবপাচারকারী চক্রের হাতে জিম্মি হন। বাকিদের দীর্ঘ সময় ধরে অভিবাসী আটককেন্দ্রে বন্দি থাকতে হয়। তাই দালাল বা পাচারকারীদের প্রলোভনে পড়ে এ ধরনের ঝুঁকিপূর্ণ পথ পরিহার করার জন্য নাগরিকদের প্রতি কঠোর আহ্বান জানানো হয়েছে।
এর আগে গত ১ সেপ্টেম্বর একই প্রক্রিয়ায় লিবিয়ার বন্দিশিবির থেকে আরও ১৭৪ জন বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।
মতামত দিন