Views Bangladesh Logo

হযরত শাহজালাল বিমানবন্দরে ফেব্রিক রোলে লুকানো ১,৬৫৫ মোবাইল ফোন জব্দ

গার্মেন্টস ফেব্রিক আমদানির ঘোষণা দিয়ে কাপড়ের রোলের ভেতরে বিশেষ কৌশলে বিপুলসংখ্যক মোবাইল ফোন আনার চেষ্টা ধরা পড়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমপোর্ট কার্গো এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৬৫৫টি দামি মোবাইল ফোন জব্দ করেছেন কাস্টমস, গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের ইমপোর্ট কার্গো এলাকায় একটি চালানে তল্লাশি চালানো হয়। এফএফ কার্গোর মাধ্যমে আনা ওই চালানের এয়ারওয়ে বিল নম্বর ৮২৮-৫৬৭৮২৪১২। অভিযানে কাস্টমস, কাস্টমস গোয়েন্দা, এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নেন।

তল্লাশির একপর্যায়ে আমদানি করা ফেব্রিক রোল নিয়ে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে রোল খুলে পরীক্ষা করলে কাপড়ের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা মোবাইল ফোনের সন্ধান পাওয়া যায়। গণনা শেষে সেখানে মোট ১ হাজার ৬৫৫টি মোবাইল ফোন রয়েছে বলে নিশ্চিত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩১ আগস্ট হংকং এয়ার কার্গোর আরএইচ-৬৬৫১ ফ্লাইটে হংকং থেকে চালানটি বাংলাদেশে আসে। আমদানিকারকের পক্ষ থেকে চালানে পণ্য হিসেবে গার্মেন্টস ফেব্রিকের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে তল্লাশিতে ঘোষণার আড়ালে মোবাইল ফোন লুকিয়ে আনার বিষয়টি ধরা পড়ে।

ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, চালানটিতে গার্মেন্টস ফেব্রিক থাকার ঘোষণা দেওয়া হলেও ফেব্রিক রোলের ভেতর থেকে ১ হাজার ৬৫৫টি দামি মোবাইল ফোন পাওয়া গেছে। পরে সেগুলো জব্দ করা হয়েছে।

কাস্টমস কর্মকর্তারা বলছেন, মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে নির্ধারিত শুল্ক, কর ও অন্যান্য বিধিবিধান অনুসরণ করতে হয়। কিন্তু ঘোষিত পণ্যের আড়ালে মোবাইল ফোন আনার ঘটনায় শুল্ক-কর ফাঁকির চেষ্টা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে চালানটির সঙ্গে জড়িত ব্যক্তি, পণ্যগুলোর সম্ভাব্য গন্তব্য এবং এর আগে একই কৌশলে কোনো চালান খালাস করা হয়েছে কি না, সেসব বিষয়ও তদন্ত করা হচ্ছে।

জব্দ করা ফোনগুলোর ব্র্যান্ড, মডেল ও বাজারমূল্য যাচাইয়ের পর চালানটির প্রকৃত আর্থিক মূল্য এবং সম্ভাব্য শুল্ক-কর ফাঁকির পরিমাণ জানা যাবে। সংশ্লিষ্ট আমদানিকারক ও কার্গো কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা যাচাই শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ