ছয় মাসে নির্যাতনের শিকার ১৬২১ নারী-শিশু
চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে নারী ও কন্যাশিশুর ওপর নির্যাতন, সাংবাদিকদের ওপর হামলা, রাজনৈতিক সহিংসতা এবং মব-সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংগঠনটির তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১ হাজার ৬২১ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। একই সময়ে ২০০টি ঘটনায় ৩৮৩ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) প্রকাশিত এইচআরএসএসের ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক অর্ধবার্ষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ছয় মাসে ৪০৪ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, ৮৮ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এবং ধর্ষণের পর ১৭ জনকে হত্যা করা হয়েছে। একই সময়ে ১ হাজার ৭৭ জন শিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে, যার মধ্যে ৩০৫ জনের মৃত্যু হয়েছে।
সাংবাদিকদের ক্ষেত্রে প্রতিবেদনে বলা হয়, ২০০টি ঘটনায় ৩৮৩ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে ২৩৪ জন আহত, ৬০ জন লাঞ্ছিত, ৪৯ জন হুমকির মুখে পড়েছেন এবং ১১ জনকে আটক করা হয়েছে। এছাড়া সাইবার সুরক্ষা অধ্যাদেশে ৩৩ সাংবাদিককে আসামি করে ১৫টি মামলা করা হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৫৬ জন নিহত এবং ৫ হাজার ২৪৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিএনপির ৩৭ জন, জামায়াতের ৬ জন, আওয়ামী লীগের ৩ জন এবং অন্যান্য দলের ১০ জন রয়েছেন। এই সংঘর্ষগুলোর ৮১ শতাংশই বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং বিএনপির সঙ্গে অন্যান্য দলের বিরোধকে কেন্দ্র করে ঘটেছে বলে দাবি করেছে সংগঠনটি।
এছাড়া একই সময়ে ২৬১টি মব-সহিংসতা ও গণপিটুনির ঘটনায় ১৩৩ জন নিহত এবং ২৫৬ জন আহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৩৯৬টি সহিংসতার ঘটনায় ১৩ জন নিহত ও ২ হাজার ৫৭৮ জন আহত হওয়ার তথ্যও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। নির্বাচন-পূর্ব ও পরবর্তী সময়ে ৬০০টির বেশি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও উল্লেখ করা হয়েছে।
এছাড়া সীমান্তে হতাহত, সংখ্যালঘু নির্যাতন, বিচারবহির্ভূত হত্যার অভিযোগ, কারাগারে মৃত্যু, শ্রমিক নির্যাতন এবং মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে এইচআরএসএস।
সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা এবং মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্র ও সমাজের সব পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি রাজনৈতিক সহিংসতা, মব-সহিংসতা, নারী-শিশু নির্যাতন এবং সাংবাদিকদের ওপর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মতামত দিন