দেশজুড়ে ১৬১ প্লাটুন বিজিবি মোতায়েন, র্যাবের ৪৪২ টহল দল
বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশজুড়ে ১৬১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যদের পাশাপাশি মাঠে রয়েছে র্যাবের ৪৪২টি টহল দল।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম ও র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানিয়েছেন।
এ ব্যাপারে কমান্ডার খন্দকার আল মঈন জানান, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা নিশ্চিতে এসকর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র্যাব। পাশাপাশি যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেল স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।
সরকারের পতন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও তপশিল বাতিলের দাবিতে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে শুরু হয় বিএনপির ডাকা দেশজুড়ে সকাল-সন্ধ্যা হরতাল। ভোর ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে হরতালের প্রভাব ঢাকাসহ দেশের কোথাও তেমন একটা দেখা যায়নি। এর আগের দিন বুধবার অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি ও সমমনা দলগুলো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে