১৬১ সরকারি টেকনিক্যাল স্কুল-কলেজে পকেট গেট বন্ধের নির্দেশ
দেশের ১৬১টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নিরাপত্তা জোরদারে একটিমাত্র প্রধান প্রবেশদ্বার ব্যবহারের নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে প্রধান গেট ও এর আশপাশের এলাকা সার্বক্ষণিক সিসিটিভি নজরদারির আওতায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে দেশের সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত করিম স্বাক্ষরিত আদেশে বলা হয়, অধিদপ্তরের আওতাধীন ১৬১টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বিপুলসংখ্যক শিক্ষার্থী অধ্যয়ন করছে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানে সরকারের মূল্যবান যন্ত্রপাতি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে।
নিরাপত্তা পর্যালোচনায় দেখা গেছে, অনেক প্রতিষ্ঠানে একাধিক প্রবেশদ্বার বা পকেট গেট খোলা থাকায় অননুমোদিত ব্যক্তিদের প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে, যা শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং সরকারি সম্পদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানগুলোর সীমানাপ্রাচীরের ভেতরে যাতায়াতের জন্য শুধুমাত্র একটি প্রধান গেট নির্ধারিত সময় অনুযায়ী খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য সব প্রবেশপথ নিয়ন্ত্রণে রাখতে হবে বলে জানানো হয়েছে।
এ ছাড়া প্রধান গেট এবং এর আশপাশের এলাকা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায় রাখতে, নিয়মিত ফুটেজ পর্যবেক্ষণ করতে এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
অধিদপ্তর বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে দ্রুত নির্দেশনাগুলো বাস্তবায়ন এবং বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে অধিদপ্তরকে অবহিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের অনুরোধ জানিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সম্পদ সুরক্ষার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে