মুন্সিগঞ্জে ঘুমন্ত মানুষদের ওপর গুলি, শিশুসহ গুলিবিদ্ধ ১৬
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঘুমন্ত মানুষদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ ১৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়াও আরও ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (৮ মার্চ) গভীর রাতে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়ায় এ ঘটনা ঘটে। তখন শটগান, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে একদল হামলাকারী প্রতিপক্ষের ঘরে ঢুকে গুলি ও এলোপাতাড়ি হামলা চালায়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ খন্দকার জুয়েল মিয়া।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকার সময় মান্নান গ্রুপের সদস্যরা প্রতিপক্ষ মিজান গ্রুপের বাড়িঘরে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ঘরে ঢুকে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আকস্মিক এ হামলায় ঘুমন্ত মানুষ কিছু বুঝে ওঠার আগেই অনেকে গুলিবিদ্ধ ও আহত হন।
আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও দোহার এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি খন্দকার জুয়েল মিয়া বলেন, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মান্নান গ্রুপ প্রতিপক্ষ মিজান গ্রুপের সদস্যদের ওপর হামলা চালিয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও র্যাব-১০ সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে র্যাব-১০-এর ভাগ্যকুল ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মহাসিন খান, হারুন রশিদ খান ও মান্নান খানকে আটক করেছেন।
পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে