Views Bangladesh Logo

নৌ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অফিসে অনুপস্থিত ১৬ কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় দায়িত্ব পালনে অনিয়ম ও অনুপস্থিতির ঘটনায় ১৬ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (২২ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি সম্প্রতি বরিশাল ও ঢাকায় বিভিন্ন সরকারি কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি একাধিক কর্মকর্তা-কর্মচারীকে পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত এবং নির্ধারিত সময়ের পরে দেরিতে অফিসে উপস্থিত হতে দেখেন।

এ ঘটনায় প্রতিমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করে দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বরিশাল কার্যালয়ের মোট ১৩ জন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ করা হয়। এর মধ্যে ড্রেজিং বিভাগে ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগে ২ জন, বন্দর ও পরিবহন বিভাগে ১ জন এবং হিসাব বিভাগে ১ জন রয়েছেন।

এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের আরও ৩ জন কর্মকর্তা-কর্মচারীকে অন্য স্থানে বদলি করা হয়েছে। প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন এবং সরকারি দপ্তরে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ