Views Bangladesh Logo

চাঁদপুরে জাটকা ধরায় ১৬ জেলে আটক

চাঁদপুর সদর উপজেলার পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৬ জন জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের মধ্যে ৯ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি ৭ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে এ তথ্য জানান সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন বিল্লাল হোসেন (৩৫), জলিল (১৮), ইয়াছিন (৩৬), হেকমত আলী (২৫), রহমত উল্লাহ (৩০), আবুল বাশার গাজী (৪৫), জাহিদ (১৮), ছলেমান গাজী (১৮) ও রবিউল (১৮)। তারা সবাই শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

মৎস্য কর্মকর্তা জানান, দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা টাস্কফোর্সের যৌথ অভিযানে ১৬ জন জেলেকে আটক করা হয়। এ সময় চারটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা, একটি বেহুন্দী জাল ও প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী, কোস্ট গার্ড সদস্য ও নৌপুলিশ যৌথভাবে অংশ নেন।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী। এ সময় তিনি দুজনকে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, তিনজনকে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, তিনজনকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং একজনকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ