ফেনীতে ভোটকেন্দ্রে অনুপ্রবেশের অভিযোগে আটক ১৬
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় জোরপূর্বক ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৬ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে ৩ হাজার টাকা করে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বাকি তিনজনের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফেনী-১ সংসদীয় আসনের ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বিএনপি ও জামায়াতের ১৬ জন নেতা-কর্মী জোরপূর্বক ভোটকেন্দ্রে প্রবেশ করেন। দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক তাঁদের আটক করেন। পরে ঘটনাস্থলে যান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ।
আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির ৭ জন এবং জামায়াতে ইসলামীর ৯ জন রয়েছেন। বেআইনিভাবে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে ১৩ জনকে অর্থদণ্ড দেওয়া হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা বলেন, ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশের দায়ে ১৩ জনকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বাকি তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে