Views Bangladesh Logo

দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র ১৬ নাবিক

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রায় চার মাস হরমুজ প্রণালিতে আটকে থাকার পর রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’–এর ১৬ নাবিক মঙ্গলবার দেশে ফিরছেন।

সোমবার রাতে জাহাজটির চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান জানান, দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে পৌঁছে জাহাজের ১৭ জন নাবিক দায়িত্ব শেষ করে (সাইন অফ) নেমে গেছেন। তাঁদের মধ্যে ক্যাপ্টেন শফিকুল ইসলামসহ ১৬ জন মঙ্গলবার বিকেল ৫টা ২৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

তিনি জানান, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নাবিকরা দক্ষিণ আফ্রিকার কিং শাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন। মঙ্গলবার সকালে সেখান থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তারা।

চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসানও জাহাজ থেকে দায়িত্ব শেষ করে নেমেছেন। তবে তিনি সরাসরি দেশে ফিরছেন না। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সেখান থেকে পরে বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন।

হরমুজ প্রণালির দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে গত ২৬ জুন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে ‘বাংলার জয়যাত্রা’। জাহাজটির অবস্থান পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এটি ১৬ জুলাই ডারবান বন্দরে পৌঁছায়।

জাহাজটিতে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে আনা ৩৭ হাজার ৫০০ টন সার বহন করা হচ্ছিল, যা বর্তমানে ডারবান বন্দরে খালাস করা হচ্ছে। এরপর জাহাজটিতে চিনি বোঝাই করা হবে এবং অবশিষ্ট নাবিকরা সেটি নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করবেন।

গত ২৩ জুন বাংলাদেশ সময় গভীর রাতে ১১৫ দিন পর হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয় ‘বাংলার জয়যাত্রা’। এরপর একই দিন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে নোঙর করে জাহাজটি।

সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠানের অধীনে ভাড়ায় পরিচালিত বিএসসির এই জাহাজে মোট ৩১ জন বাংলাদেশি নাবিক কর্মরত ছিলেন।

গত ২৮ ফেব্রুয়ারি দুবাইয়ের জেবেল আলী বন্দরে পৌঁছানোর পরপরই ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উত্তেজনা শুরু হলে হরমুজ প্রণালিতে জাহাজটির চলাচল বন্ধ হয়ে যায়। তিনবার চেষ্টা করেও প্রণালি অতিক্রম করতে না পারলেও শেষ পর্যন্ত ২২ জুন শারজাহ বন্দরের বহির্নোঙর এলাকা থেকে যাত্রা শুরু করে পরদিন নিরাপদে হরমুজ প্রণালি পার হয় ‘বাংলার জয়যাত্রা’।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ