Views Bangladesh Logo

১৫ বছরেই ভারতীয় দলে সূর্যবংশী, বাদ সূর্যকুমার

ধারাবাহিকভাবে রানের বন্যা বইয়ে দেওয়ার পুরস্কার পেলেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় জাতীয় দলে ডাক পেয়েছেন এই তরুণ তুর্কি। সূর্যবংশীকে দলে রেখেই ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও জাপানে অনুষ্ঠেয় আসন্ন এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

ভারতীয় দল ঘোষণার সবচেয়ে বড় ও আলোচিত চমকটি এসেছে অধিনায়কত্বে। টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারানোর পাশাপাশি দল থেকেও পুরোপুরি বাদ পড়েছেন সূর্যকুমার যাদব। তার জায়গায় ভারতের কুড়ি ওভারের আন্তর্জাতিক দলের নতুন অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াশ আইয়ার।

সদ্য সমাপ্ত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন বৈভব সূর্যবংশী। টুর্নামেন্টে ১৬ ইনিংসে ৪৮.৫০ গড় ও ২৩৬.৫৮ স্ট্রাইকরেটে ৭৭৬ রান সংগ্রহ করেন তিনি। এ ছাড়া গত দুই বছর ধরে ভারতের বয়সভিত্তিক দল ও ঘরোয়া ক্রিকেটেও দারুণ খেলছিলেন এই ওপেনার। যার ফলে অবশেষে জাতীয় দলের দরজা খুলে গেল তার।

সূর্যবংশী ছাড়াও আইপিএলে আলো ছড়ানো আরও কয়েকজন ক্রিকেটার নির্বাচকদের আস্থা অর্জন করতে পেরেছেন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি, প্রিন্স যাদব ও হর্ষিত রানা। পাশাপাশি অভিজ্ঞদের মধ্যে দলে নিজেদের জায়গা ধরে রেখেছেন সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, শিভম দুবে, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), নীতিশ রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণই, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, আর্শদীপ সিং, প্রিন্স যাদব ও বৈভব সূর্যবংশী।

এশিয়ান গেমসের দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণই, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, যশপ্রীত বুমরা, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ইশান কিশান, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিংহ, শিবম দুবে, বরুণ চক্রবর্তী ও বৈভব সূর্যবংশী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ