কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে মহাসড়কের আমতলী থেকে চান্দিনা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় চট্টগ্রামমুখী লেনে যানবাহনের ধীরগতি দেখা দেয়। এতে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রামমুখী যাত্রীদের দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে বেশ কয়েকটি বড় গর্ত তৈরি হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। প্রায় আধা কিলোমিটার অংশজুড়ে ছোট-বড় খানাখন্দ থাকায় ওই এলাকায় পৌঁছানোর পর যানবাহনের গতি কমে যায়। একপর্যায়ে পেছনে থাকা গাড়িগুলোও আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যানজট এড়াতে কিছু যানবাহন উল্টো পথে চলাচল শুরু করায়। এতে মহাসড়কের কয়েকটি স্থানে চট্টগ্রামমুখী লেনের পাশাপাশি ঢাকামুখী লেনেও যানজট ছড়িয়ে পড়ে। ফলে দুই দিকের যানবাহনকেই ধীরগতিতে চলাচল করতে হচ্ছে।
যাত্রী ও চালকদের অভিযোগ, আমতলী এলাকার সড়কের খানাখন্দ দীর্ঘদিনের সমস্যা। এর আগে সড়ক বিভাগের পক্ষ থেকে সাময়িকভাবে কিছু সংস্কার করা হলেও স্থায়ীভাবে মেরামত করা হয়নি। ফলে বৃষ্টির পর সড়কের বিভিন্ন অংশে নতুন করে গর্ত তৈরি হয়েছে। ঢাকা থেকে ফেনীগামী একটি বাসের চালক জানান, চান্দিনা থেকে আমতলী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার পথ পাড়ি দিতে তাঁর প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর ইসলাম বলেন, আমতলী এলাকায় মহাসড়কের দুই পাশেই খানাখন্দ রয়েছে। সম্প্রতি ঢাকামুখী অংশে কিছুটা সংস্কার করা হলেও চট্টগ্রামমুখী অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। যানজট কমাতে সকাল থেকেই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে।
কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানিয়েছেন, আমতলী এলাকায় ঢাকামুখী লেনে সাময়িক সংস্কার করা হয়েছে। এবার চট্টগ্রামমুখী লেনেও সংস্কারকাজ শুরু করা হচ্ছে। সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করা গেলে যানজট পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মতামত দিন