দীর্ঘ ১৫ কিলোমিটার যানজটে স্থবির ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
ঈদুল আজহা উপলক্ষে পোশাক কারখানা ছুটি হওয়ার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের তীব্র চাপ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকাকে কেন্দ্র করে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গগামী হাজারো যাত্রী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সকালে গাজীপুরের অধিকাংশ শিল্পকারখানা একযোগে ছুটি হওয়ার পর লাখ লাখ শ্রমিক একসঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। দুপুরের দিকে কালবৈশাখী ঝড় ও মুষলধারে বৃষ্টির কারণে এই ভোগান্তি আরও কয়েক গুণ বেড়ে যায়। সন্ধ্যার পর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী থেকে চন্দ্রা উড়াল সড়ক এবং চন্দ্রা-নবীনগর সড়কের বাড়ইপাড়া থেকে চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে দূরপাল্লার যানবাহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
সিরাজগঞ্জগামী একটি বাসের চালক সোহেল মিয়া জানান, কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত আসতে তার প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। তবে চন্দ্রা পার হতে পারলে বাকি রাস্তা স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে, সাইফুল ইসলাম নামে এক ভুক্তভোগী যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, চন্দ্রা ফ্লাইওভারের এক পাশ থেকে অন্য পাশে পার হতেই তার এক ঘণ্টা লেগেছে। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় নারী ও শিশুরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল আলম জানান, সব কারখানা একসাথে ছুটি হওয়া এবং ঢাকাসহ আশপাশের জেলার উত্তরবঙ্গগামী সব যানবাহন চন্দ্রা মোড় ব্যবহার করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এছাড়া চন্দ্রা মোড়ে বিভিন্ন বাসের যাত্রী ওঠানামার কারণে জটলা আরও বেড়েছে। হাইওয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যান চলাচল স্বাভাবিক করতে মহাসড়কে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে